উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বুধবার (২) সেপ্টেম্বর ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান জানান, ভোর সাড়ে ৫ টার দিকে ফ্লাইওভারের স্টেলা গেট সংলগ্ন এলাকায় ওই নারীকে ধাক্কা দিয়ে গাড়িটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৮ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটিকে সড়ক দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।
দুর্ঘটনার পর নিহতের লাশের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।