উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ অভিযানের তথ্য জানিয়ে ঢাকা পোস্টকে বলেন, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন যে অভিযানের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বিস্তারিত পরে জানাতে পারব। পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি করা এবং নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগও পেয়েছে দুদক। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটি দুদকের প্রথম এনফোর্সমেন্ট অভিযান। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কমিশনের বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।