উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির ১৭ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৯৫৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৯৫২ টাকা।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৮টির শেয়ারদর বেড়েছে, ১৯২টির কমেছে এবং ৬৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিبসের তুলনায় ১৬ দশমিক ২১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৯৮ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক আট দশমিক ৯৯ পয়েন্ট কমে দুই হাজার ১১৩ দশমিক ২৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক তিন দশমিক ৬৩ পয়েন্ট কমে এক হাজার ১২৪ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, সাইহাম কটন, সাইহাম টেক্সটাইল, একমি ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, শমরিতা হাসপাতাল, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস ও এম.এল ডাইং। এছাড়া ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬টির দর বেড়েছে, সাতটির কমেছে এবং ১১টির অপরিবর্তিত রয়েছে। চারটি করপোরেট বন্ডের মধ্যে তিনটির দর বেড়েছে এবং একটির অপরিবর্তিত রয়েছে এবং একটি সরকারি সিকিউরিটিজের দর কমেছে।