উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে এই ঘটনা ঘটে। চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা মূলত চট্টগ্রাম শহরে বসবাস করেন এবং পটিয়ার বাড়িতে তার ভাগিনা মো. আজাদ ও কেয়ারটেকার মো. লিটন থাকতেন। মঙ্গলবার রাতে তারা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের সরঞ্জাম ও জামাকাপড় লুট করে।
সাবেক এমপির ভাগিনা সাইফুল ইসলাম জানান, চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল নিয়ে গেছে। এর মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল বলে জানান তিনি। একই বাড়িতে পরপর দুইবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি তিনি শুনেছেন। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।