উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কূটনীতি ও তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্থপতি লুই আই কানের চমৎকার স্থাপত্যশৈলীতে নির্মিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক স্বার্থের বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভারতের পার্লামেন্টকে আধুনিক আখ্যায়িত করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে। এর সফল বাস্তবায়নে ভারতের প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। দীনেশ ত্রিবেদীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হাইকমিশনার হিসেবে পাওয়া দারুণ সুযোগ বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষই জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও ভারতের ডেপুটি হাইকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।