উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি সরাসরি বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। উক্ত রুলসের রুল-৬ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে যথাযথভাবে কোটা সমন্বয়ের মাধ্যমে এসব সরকারি আবাসন বরাদ্দ দিতে হবে।
মঙ্গলবার সরকারি আবাসন পরিদপ্তর থেকে এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, এই শ্রেণির বাসা বরাদ্দ দেওয়ার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সম্পন্ন করে থাকে এবং আবাসন পরিদপ্তরের দায়িত্ব হলো কোটা বিন্যাস ও সমন্বয় করা।
তিন মাসের বেশি সময় খালি পড়ে থাকা এ, বি ও সি শ্রেণির সরকারি বাসাগুলো পুলে এনে বরাদ্দের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর গত ৩০ জুনের সভায় এই সুপারিশ গৃহীত হয় এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।