উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোপের অন্যতম প্রধান টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য মেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৬-এ বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়ে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের সক্ষমতা তুলে ধরছে। প্যারিসের লে বুর্জেতে আজ শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত। বৈশ্বিক ফ্যাশন ও টেক্সটাইল শিল্পের উৎপাদক, সরবরাহকারী এবং পেশাদার ক্রেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য, উৎপাদন সক্ষমতা ও উদ্ভাবনী সমাধান প্রদর্শন করছে।
মেলার ৫৯তম আসরে প্রায় ৩৫টি দেশের প্রায় এক হাজার ৩০০ উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আন্তর্জাতিক ক্রেতাদের জন্য এ মেলায় কাপড়, তৈরি পোশাক, অ্যাকসেসরিজ এবং বিভিন্ন ধরনের উদ্ভাবনী টেক্সটাইল পণ্যের বৈচিত্র্যময় সমাহার রয়েছে। মেলায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, চীন, ভারত, তুরস্ক, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইতালিসহ বিশ্বের গুরুত্বপূর্ণ টেক্সটাইল ও অ্যাপারেল উৎপাদনকারী দেশগুলো অংশ নিচ্ছে।
মেলায় অংশ নেয়া ১৭টি বাংলাদেশী প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে এবং অন্যগুলো রফতানি উন্নয়ন ব্যুরোর ইপিপির প্যাভিলিয়নের অধীনে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হুরাইন হাই টেক, এনজেড ডেনিম, স্কাইলার্ক নিট কম্পোজিট, নরবান কমটেক্স, ওয়ার্পটেক্স, বিএনএম গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফেবিটেক্স ইন্ডাস্ট্রিজ ও ডিকে টেক্সটাইলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ডিকে টেক্সটাইলের মার্চেন্ডাইজিং ম্যানেজার ইলিয়াস বলেন, টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৬-এ এখন পর্যন্ত আমরা খুবই ইতিবাচক সাড়া পেয়েছি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি নিয়ে আমরা আশাবাদী।
বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা ও দর্শনার্থীদের কাছে দেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের সক্ষমতা তুলে ধরছে। প্রতিষ্ঠানগুলো এ অংশগ্রহণের মাধ্যমে সর্বশেষ পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে উপস্থাপন, বৈদেশিক ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন, নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরি এবং উদীয়মান সোর্সিংয়ের সুযোগ অনুসন্ধানের সুযোগ পাচ্ছে। আয়োজকরা জানান, চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক সোর্সিং হাব হিসেবে বাংলাদেশ তার অবস্থান আরো শক্তিশালী করছে এবং এ অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক অ্যাপারেল সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বও প্রতিফলিত হচ্ছে।বাসস