উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিনে মুক্ত হয়ে আপন বড় ভাইয়ের হাত-পা কর্তন এবং ভাতিজাকে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নিহত প্রবাসী ইলিয়াস মোল্লার স্ত্রী লিপি বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিপি বেগম জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনের মামলার আসামি সিদ্দিক মোল্লা কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে পারিবারিক বিরোধের জেরে ২০২৫ সালের ৮ মার্চ তিনি তার বড় ভাই ইসহাক মোল্লাকে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করেন।
পরবর্তীতে গত ১৯ জুন মালয়েশিয়া প্রবাসী ভাতিজা ইলিয়াস মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয় এবং একই দিনে ইসহাক মোল্লাকে পুনরায় কুপিয়ে আহত করা হয়। মামলা তুলে নিতে আসামিরা বর্তমানে পঙ্গু ইসহাক মোল্লার পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।
নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেছে এবং পুলিশ যেন নিরপেক্ষভাবে আদালতে চার্জশিট দেয় সেই আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।