উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মক্কা চুক্তিকে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা হুমকি হিসেবে দেখছে না তেহরান। গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতের পর ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এই কথা জানান। তিনি বলেন, এটিকে বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার স্পষ্ট নিদর্শন হিসেবে বিবেচনা করে ইরান। সৌদি আরবের সঙ্গে তাদের কোনো বিরোধ বা সংঘাত নেই এবং দেশটির সঙ্গে ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।
জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি সম্পর্কে তারা ভালোভাবে অবগত। তাই বাংলাদেশ সরকারের নেওয়া কোনো সিদ্ধান্তই তাদের জন্য উদ্বেগের বিষয় নয় বলে জানান তিনি। মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, তারা এতে যোগ দেওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক অনুরোধ বা প্রস্তাব জমা দেননি। তবে চুক্তির সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কোনো আমন্ত্রণ বা প্রস্তাব পেলে তা বিবেচনা করে দেখা হবে।
প্রায় ১০ বছর আগে ইরান এমন একটি উদ্যোগের প্রস্তাব দিয়েছিল বলে জানান রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, সে সময় তারা পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য এবং সব ইসলামী রাষ্ট্রের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিলেন। এ সময় ইরানের রাষ্ট্রদূত জানান যে, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী পার হতে কোনো সমস্যা নেই। মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হলেও তারা কখনো কোনো আরব দেশের সার্বভৌম ভূমিতে আক্রমণ করেননি বলে স্পষ্ট করেন তিনি।