উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের ইউনান প্রদেশের তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান। সোমবার (৩১ আগস্ট) কুনমিংয়ে কুনমিং ইয়াং এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাংলাদেশের পক্ষে ‘বাংলাদেশ অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন’ শীর্ষক উপস্থাপনা করা হয়। সেখানে বাংলাদেশের বড় অভ্যন্তরীণ বাজার, তরুণ ও প্রতিযোগিতামূলক শ্রমশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বিনিয়োগবান্ধব নীতিমালার কথা তুলে ধরা হয়।
রিদওয়ানুর রহমান বলেন, বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে শতভাগ মালিকানা, মুনাফা ও মূলধন প্রত্যাবাসন, কর অবকাশ এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিভিন্ন সুবিধা রয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, চীনের বাজারে বাংলাদেশের কাঁকড়া ও কুচিয়ার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় এসব পণ্যের চাষ, প্রক্রিয়াজাতকরণ ও কোল্ড-চেইন ব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও পেয়ারা রফতানির বাজার-প্রবেশ প্রক্রিয়া চলমান রয়েছে, যা কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।
মতবিনিময় সভায় কুনমিং ইয়াং উদ্যোক্তা সমিতির সভাপতি ওউইয়াং জিংগাং, সহসভাপতি সান ওয়েনজি, মহাসচিব লি ইসহ ইউনানের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। আলোচনা শেষে উভয়পক্ষ নিয়মিত যোগাযোগ, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং খাতভিত্তিক সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।