উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। গতকাল এর দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
সোনার দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হবে।