উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারের একটি মাদ্রাসায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবার দায়ের করা মামলাটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে মাদ্রাসায় ভর্তি হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই শিশুটি প্রথম নির্যাতনের শিকার হয়। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় তার ওপর নির্যাতন চালানো হয়। শিক্ষকের কাছে অভিযোগ জানাতে গেলে তারাও সুযোগ নিয়ে নির্যাতন করে এবং ভয়ভীতি দেখায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় মাদ্রাসার মুহতামিম জিয়া ইবনে কাসেম, মক্তব বিভাগের প্রধান ক্বারী রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, হাফেজ সাব্বির, হাফেজ কামরুজ্জামান এবং পাঁচ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই সামরুল হোসেন।
ভুক্তভোগী শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আদালতে জবানবন্দি দিয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।