উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের পুঁজিবাজারে শিগগিরই ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস বাজার চালুর বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক দাখিল করা বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি অনুমোদন করেছে কমিশন।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ১০৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। গৃহীত পরিকল্পনা অনুযায়ী, ইনডেক্স ফিউচারস দিয়ে ২০২৮ সালের জানুয়ারি মাসে ডিএসইতে ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, ডেরিভেটিভস বাজার চালুর লক্ষ্যে ডিএসই প্রায় ২২টি প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ করে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা জমা দিয়েছিল, যা কমিশন অনুমোদন করেছে। তিনি আরও জানান, ডিএসই চাইলে প্রয়োজনীয় প্রস্তুতি ও অবকাঠামোগত উন্নয়ন আগে শেষ করে ২০২৭ সালেও এই বাজার চালু করতে পারে।
মুখপাত্র আরও জানান, ডেরিভেটিভস বাজার চালুর আগে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো তৈরি, লেনদেন ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত ভিত্তি স্থাপন, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট এবং ঝুঁকি ব্যবস্থাপনার মতো প্রাথমিক কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। কমিশন মনে করে, ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস চালু হলে পুঁজিবাজারে বিনিয়োগের পরিধি বাড়ার পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনার নতুন ক্ষেত্র তৈরি হবে।