উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময়কার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত ও প্রার্থনা তাকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এরপর তার কেমোথেরাপি নেওয়ার প্রস্তুতি চলছিল।
রোগ শনাক্ত হওয়ার পর নওমান ইজাজের বন্ধু গোহর বাট তাকে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতের পরামর্শ দেন। অভিনেতার ভাষ্য অনুযায়ী, কেমোথেরাপি শুরুর আগে চিকিৎসকেরা পরীক্ষা করে তার দ্বিতীয় টিউমারটি আর খুঁজে পাননি। এই ঘটনাকে তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে দেখেন এবং এরপর থেকে প্রতিদিন এই সূরা তিলাওয়াত করছেন।
তবে ক্যানসার চিকিৎসায় প্রার্থনা মানসিক স্বস্তি ও আধ্যাত্মিক শক্তি দিলেও, চিকিৎসকের পরামর্শ ও প্রমাণভিত্তিক চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের জনপ্রিয় নাটক ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’ ও চলচ্চিত্র ‘রামচাঁদ পাকিস্তানি’তে অভিনয় করে নওমান ইজাজ বেশ প্রশংসিত হয়েছেন।