উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো প্রবৃদ্ধিতে চলতি বছরের আগস্ট মাসে দেশের পণ্য রফতানি আয় ১৩ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। এই মাসে রফতানি আয় দাঁড়িয়েছে ৪৪৩ কোটি ডলারে, যা গত বছরের একই মাসে ছিল ৩৯২ কোটি ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্টে দেশের রফতানি আয় বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে মোট ৯১৬ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৬৯ কোটি ডলার।
আগস্টে রফতানি প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল তৈরি পোশাক খাত। এ মাসে পোশাক রফতানি ১৩ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ডলারে। এর মধ্যে নিট পোশাক রফতানি ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাকের রফতানি ১২ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।
তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, মুদ্রিত সামগ্রী এবং প্রকৌশল পণ্যের মতো অপ্রচলিত খাতেও রফতানি বেড়েছে। আগস্টে পাট ও পাটজাত পণ্য রফতানি ৩৭ দশমিক ০৯ শতাংশ এবং ওষুধ রফতানি ২৮ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্রে আগস্টে রফতানি ২৬ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। এছাড়া দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে যুক্তরাজ্য ফিরে এসেছে এবং উদীয়মান বাজারগুলোর মধ্যে তুরস্কে রফতানি বেড়েছে ১৪১ দশমিক ০৩ শতাংশ।