উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় অগ্নিকাণ্ডে নেওয়াজ চৌধুরী মিতু (৫৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগুন লাগার সময় মিতু বাসার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি ভেতরেই আটকা পড়েন এবং দগ্ধ হয়ে মারা যান। আগুনে তার বাসার আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করেন। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আগুনে পুড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনও জানা যায়নি।