উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। তবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পোনা অবমুক্ত করার সময় কিছু মরা মাছ ছাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক জানান, প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণ কর্মসূচিটি তাদের অধিদপ্তরের দায়িত্বে ছিল না। অন্যদিকে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দায়িত্বে এই কর্মসূচিটি সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম ব্যাখ্যা দিয়ে বলেন, সোমবার রাত ৩টায় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে পোনা সংগ্রহ করা হয় এবং ভোর সাড়ে ৬টার দিকে তা জিয়া উদ্যান এলাকায় পৌঁছায়। কিন্তু প্রধানমন্ত্রী পোনা অবমুক্ত করার প্রায় পৌনে এক ঘণ্টা আগে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা মাছের অক্সিজেন খুলে ফেলেন।
আবদুর রহিম আরও জানান, নিরাপত্তার কারণ দেখিয়ে তারা পোনা মাছ থেকে পলিথিনগুলো খুলে ফেলেন। তাদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে অগ্রাধিকার দেন এবং এর ফলে কিছু মাছ মারা যায়। তবে আনা ৩০-৪০ কেজি মাছের বেশির ভাগই ভালো ছিল বলে তিনি দাবি করেন।