উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তেঁতুলিয়ায় নারীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ, আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা
মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নারীদের উত্ত্যক্ত, যৌন হয়রানির চেষ্টা, অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বাদী মো. আজহারুল ইসলাম।
তেঁতুলিয়া মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে আজহারুল ইসলাম উল্লেখ করেন, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। নারীদের কু-প্রস্তাব দেওয়া, অশালীন আচরণ এবং তার কথায় রাজি না হলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের বর্ণনা অনুযায়ী, গত ১৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তেঁতুলিয়া থানাধীন দেবনগর ইউনিয়নের বাদিয়াগাছ এলাকার একটি চা-বাগানের সামনে কাঁচা রাস্তায় ঘটনাটি ঘটে। ওই সময় বাদীর স্ত্রীসহ পরিবারের কয়েকজন নারী সদস্য দোকানে যাওয়ার পথে আব্দুল হামিদ তাদের পিছু নেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে আব্দুল হামিদ নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তারা চিৎকার করলে আব্দুল হামিদ ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে দাবি করা হয়েছে।
বাদী আজহারুল ইসলামের দাবি, ঘটনার পরও বিষয়টি থেমে থাকেনি। পরবর্তীতে আব্দুল হামিদ তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে পরিবারের নারী সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেন আজহারুল ইসলাম।
এদিকে, ২৫ আগস্ট ঘটনার প্রতিবাদ ও পরিবারের নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে আবেগঘন বক্তব্য দেন অভিযোগকারী পরিবারের সদস্যরা।
মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, “আমরা বাসায় থাকতে পারি না। আব্দুল হামিদ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করার পর এখন বাসায় এসে হুমকি দিচ্ছে। আমার মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা এখন কী নিয়ে বাঁচব? আমরা এই সমাজে কীভাবে বাস করব? আমরা কি এর বিচার পাবো না দেশে কি আইন নাই নাকি আয়মাদের সাধারণ মানুষ দের জন্য কোনো আইন নাই !
পরিবারের সদস্যদের এমন বক্তব্যে মানববন্ধনে উপস্থিত স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযোগকারী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
জানা যায় এর আগেও এমন অভিযোগ ছিল—মানববন্ধনে স্থানীয়দের দাবি
মানববন্ধনে বক্তব্য দেওয়া কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, আব্দুল হামিদের বিরুদ্ধে এলাকায় নারীদের সঙ্গে অশালীন আচরণ ও উত্ত্যক্ত করার অভিযোগ আগেও উঠেছে।
এলাকাবাসীর দাবি, অতীতেও এ ধরনের কর্মকাণ্ড নিয়ে তাকে নিয়ে এলাকায় বিভিন্ন অভিযোগ ছিল। এমনকি তিনি আগে ‘কাজী’ হিসেবে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে বর্তমানে স্থানীয়রা তাকে এ ধরনের দায়িত্ব পালন করতে দেন না—এমন দাবিও করেন বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, কোনো নারী যেন ভয়ভীতি বা হয়রানির শিকার হয়ে নীরবে থাকতে বাধ্য না হন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে এনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা
অভিযোগপত্রের নথিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৬ ধারা উল্লেখ রয়েছে। নথিতে অপরাধের শিরোনাম হিসেবে ‘যৌনপীড়ন’ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হামিদের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল হামিদকে আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।