উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে দুই পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। এ সময় তিনি অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও জবাবদিহিতার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
ডিজিটাল হয়রানি ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বব্যাপী সংসদীয় পর্যায়ে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করে আইপিইউ মহাসচিব বর্তমান সরকারের উদ্যোগগুলোকে স্বাগত জানান। সংসদীয় বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।