উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। তিনি বলেন, দেশের ৩০ হাজারের বেশি শিক্ষক অতীতে নির্বাচনে অংশ নিলেও বর্তমানে তাঁদের অযোগ্য করার সুপারিশ করা হয়েছে, যা বৈষম্যমূলক।
জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনে ৯ দফা দাবি পেশ করা হয়েছে। দলটির দাবি, সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকলেও স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অযোগ্য ঘোষণা সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী। এছাড়া নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাদের স্থানীয় নির্বাচনে সুযোগ না দেওয়ারও দাবি জানিয়েছে দলটি।
বৈঠকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের আসন্ন নির্বাচনে প্রার্থী না করার দাবি এবং মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন তারা।
মিয়া গোলাম পরওয়ার আরও জানান, স্থানীয় নির্বাচনে জামায়াত দলীয় প্রতীকে প্রার্থী দেবে না, তবে স্থানীয় শাখাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।