উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্প্রতি পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছে।
কারখানা পরিদর্শনের সময় রাষ্ট্রদূত সেখানে থাকা যুক্তরাষ্ট্রের কোম্পানি প্রোগ্রেস রেলের তৈরি লোকোমোটিভগুলো পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি ইঞ্জিন রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কাজের অভিজ্ঞতা শোনেন।
পরিদর্শন শেষে তিনি ট্রেনে করে সৈয়দপুরে যান এবং সেখানে সাধারণ যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর ঘুরে দেখেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে প্রোগ্রেস রেলের তৈরি ৪০টি লোকোমোটিভ কিনেছে। এই সফর দুই দেশের মধ্যকার বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতার দীর্ঘমেয়াদি সুফল এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে মার্কিন প্রযুক্তির গুরুত্বকে তুলে ধরেছে।