উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় মঙ্গলবার একটি সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়।
অভিযানের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। জনচলাচল নির্বিঘ্ন রাখা এবং শহরের শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিন মশক নিধনের অংশ হিসেবে সম্ভাব্য প্রজননস্থলগুলোতে লার্ভিসাইড প্রয়োগ করা হয়। একই সঙ্গে এলাকাটি পরিচ্ছন্ন রাখতে বর্জ্য অপসারণ কার্যক্রম চালানো হয়েছে এবং নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। লাইসেন্সবিহীন বা শর্ত অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ডিএসসিসি।