উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়টি কোনো চাপের মুখে নয়, বরং দেশের অ্যাভিয়েশন খাতের চাহিদার কারণেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনীয় এয়ারক্রাফট ফ্লিট না থাকায় নতুন রুট চালু করা সম্ভব হচ্ছে না, যা ব্যবসার ক্ষেত্রে বড় বাধা। বাংলাদেশকে এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে হলে দীর্ঘমেয়াদে সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশের ৭০ থেকে ৮০টি বা তারও বেশি উড়োজাহাজের চাহিদা রয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, নীতিগতভাবেই আমরা বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছি। অর্থনৈতিক সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এই কেনাকাটা সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো এবং তারা অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। অ্যাভিয়েশন খাতের আধুনিকায়ন ও যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।