উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৩৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৪৯৫ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই সম্পদের প্রমাণ পাওয়ার পর তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের তথ্য অনুযায়ী, শেখ সেলিমের নিজ নামে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী ফাতেমা সেলিমের নামে ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকা, ছেলে শেখ ফজলে নাঈমের নামে ১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকা, মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকা এবং ছেলে শেখ ফজলে ফাহিমের নামে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ চিহ্নিত করা হয়েছে।
কমিশনের ধারণা, তাদের নামে-বেনামে দেশে ও বিদেশে আরও বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ লুকানো থাকতে পারে। এসব সম্পদের সঠিক উৎস উদঘাটনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাদের চারজনকে সম্পদের হিসাব দাখিলের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুতই এই নোটিশ জারি করা হবে বলে জানিয়েছে দুদক।