উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে সংশ্লিষ্ট নদ-নদীগুলোর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি কমেছে এবং আগামী দুই দিন তা আরও কমতে পারে। তবে তৃতীয় দিনে এসব নদীর পানি আবার বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিন তা বাড়তে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে এবং আগামী তিন দিন তা একই থাকতে পারে। পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি বাড়লেও মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। গোমতী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি কমেছে এবং আগামী এক দিন তা কমতে পারে।