উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম নাগরিকদের কাছ থেকে একই তথ্য বারবার সংগ্রহ না করে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদ ও অনুমোদিত উপায়ে তথ্য বিনিময়ের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘কার্যকর ই-গভর্ন্যান্স’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তির ব্যবহার নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত ও দক্ষ করে উন্নত জনসেবা নিশ্চিত করা। তিনি পৃথক ডিজিটাল ব্যবস্থার পরিবর্তে অভিন্ন সক্ষমতা, আন্তঃকার্যক্ষমতা ও জাতীয় পর্যায়ের তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তথ্য বিনিময়ের ক্ষেত্রে নিরাপত্তা ও সুস্পষ্ট নীতিমালা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
ফকির মাহবুব আনাম আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি সমন্বিত ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। নাগরিকের কাছে সরকার কোনো বিচ্ছিন্ন মন্ত্রণালয় বা আলাদা ডেটাবেজ নয়, বরং একটি সমন্বিত সেবা ব্যবস্থা। তাই ডিজিটাল প্রকল্পে পুনরাবৃত্তি কমিয়ে যৌথভাবে ব্যবহারযোগ্য জাতীয় সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ আগামী পাঁচ বছরের জন্য সরকারের পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আইন ও নীতিমালা, নিরাপদ সংযোগ, ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ দক্ষ জনশক্তি এবং ইলেকট্রনিক্স উৎপাদন। তিনি জানান, স্টার্টআপ খাতে প্রতি বছর ৫০০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মাইকেল ক্রেইজা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক ও ই-গভর্ন্যান্স একাডেমির ইনগ্রিড টুনেকুর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই সেমিনারে ই-গভর্ন্যান্স একাডেমি সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন করে।