উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন ডেমরার বড়ভাঙ্গা এলাকার তাপস। মঙ্গলবার ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাপসের সম্পৃক্ততা পেয়ে সোমবার দিবাগত রাতে সুলতানা কামাল সেতুর ঢাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরাবো এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। সে সময় চারটি মোটরসাইকেলে করে আটজন এসে তিন রাউন্ড গুলি ছুড়লে বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়। ওই ঘটনায় ঘটনাস্থਲ থেকে গুলির খোসা ও কার্তুজ উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে আগের সেই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।