উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর আদাবর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে চারটি চাপাতি উদ্ধার করা হয় এবং আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
আদাবর থানা পুলিশ জানায়, শেখেরটেক ৭ নম্বর রোডের ব্রিজসংলগ্ন প্রেম গলির একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিরাজুল ইসলাম (২৫), মো. নিহাদ (২০), মো. শেখ বাচ্চু (৩৫), মো. ফরিদুল ইসলাম (১৯) এবং মো. তামিম (১৯)। এদের মধ্যে মিরাজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এই চক্রের সদস্যরা আদাবরের শেখেরটেক, বাইতুল আমান হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় চাপাতির ভয় দেখিয়ে সাধারণ মানুষের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতেন। এছাড়া তারা বিভিন্ন বাসাবাড়ির এসির পাইপ, বৈদ্যুতিক তার এবং রিকশার গ্যারেজ থেকে রিকশা চুরি করে মুক্তিপণ আদায় করতেন।
অন্যদিকে, সুনিবিড় হাউজিংয়ের আকন্দ গার্মেন্টস গলির পেছনে পৃথক আরেকটি অভিযান চালিয়ে হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ১০টি মামলার এজাহারে নাম ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।