উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়ি থেকে অপহৃত হওয়া সাড়ে চার মাসের শিশুকন্যা মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে র্যাব-৭ ও র্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলম ও তার স্ত্রী ত্রিশা আক্তার তিশা নামের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
অপহৃত শিশু মারুফা জান্নাত নাইক্ষ্যংছড়ির দক্ষিণ হালামীপাড়া গ্রামের মো. রশিদ উল্লাহ ও ইয়াসমিন আক্তার দম্পতির মেয়ে। গত ২১ আগস্ট মা-বাবার সঙ্গে নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অভিযুক্ত দম্পতির সঙ্গে তার পরিচয় হয়। পরদিন বিকেলে পাশের ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বের হন আসামি ত্রিশা। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি এবং স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।
পরে ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর মায়ের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দেওয়ায় শিশুটির মা বাদী হয়ে ২৬ আগস্ট নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের ও উদ্ধার হওয়া শিশুকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।