উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত সাত মাসে দেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য তুলে ধরেন। এর আগে ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বরে এই সংক্রান্ত জিডির সংখ্যা ছিল ১৩ হাজার ৮৭৬টি।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, প্রতিটি জিডির অর্থ এই নয় যে শিশুটি আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়া শিশুদের একটি বড় অংশ পরবর্তী সময়ে ফিরে আসে। তবে ঠিক কতজন শিশু শেষ পর্যন্ত ফিরে আসেনি, তার কোনো পূর্ণাঙ্গ তথ্য বর্তমানে সরকারের কাছে নেই। একই সময়ে প্রাপ্তবয়স্ক ১৩ হাজার ৫৮০ জনের বিষয়ে জিডি হয়েছে বলে তিনি জানান, যা আগের সাত মাসে ছিল ১৩ হাজার ৩ জন।
সাংবাদিকদের সুযোগ-সুবিধা ও ওয়েজ বোর্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গেই বাস্তবায়ন করা হবে। সাংবাদিকদের চাকরি এবং জীবিকার সঠিক নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। বেসরকারি সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত কাজ করছে।
রোহিঙ্গা সংকট নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, শুরু থেকেই এই সংকট মোকাবিলায় কিছু ভুলের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। পূর্ববর্তী সরকার একে আন্তর্জাতিক ইস্যু হিসেবে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ থাকলেও বিষয়টিকে দ্বিপক্ষীয়ভাবে সমাধানের উদ্যোগ নিয়েছিল। বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়ে কাজ করছে।