উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকে পড়া প্রায় ১৪ কেজি ওজনের এবং ১২ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগান থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পূর্ব চরণদ্বীপের একটি বাগানের নিরাপত্তা জালে অজগরটি আটকে পড়ে। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
উদ্ধারকারী দলের সদস্য আমীর হোসাইন শাওন বলেন, খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। সকাল সাড়ে ১০টার দিকে জাল কেটে নিরাপদে সাপটি বের করে আনা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা বার্মিজ প্রজাতির অজগরটির ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। পরে স্থানীয় বাসিন্দাদের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটি ওই এলাকার একটি কৃষিজমিতে অবমুক্ত করা হয়েছে।