উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দশম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার বায়ুর মান সূচক বা স্কোর ছিল ১১৭। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, যার স্কোর ৫৯১। তালিকায় ১৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পলা এবং একই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই। এছাড়া ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের নয়া দিল্লি এবং ১৪৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি ধরা হয়। এছাড়া স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।