উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী কর্মকাণ্ড প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বিশেষ জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগ। গত সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত গ্যাংকার ট্রেনে করে এ প্রচারণা চালানো হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর পর কয়েকটি এলাকায় পাথর নিক্ষেপের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে রেলওয়ের সম্পদ। এই অপরাধ বন্ধে রেলওয়ের কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে কর্মকর্তারা জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ দণ্ডনীয় অপরাধ। পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করতে সহযোগিতা করলে রেলওয়ের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধ প্রতিরোধে সহযোগিতা করতে এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রামের সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ সালামত উল্লাহ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এটিএম আতাউল গনি, সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।