উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে আসন্ন মৌসুমে সব ধরনের অবৈধ ইটভাটা বন্ধ রাখা এবং ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খাল খননের মাটি ইট তৈরিতে ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে খাল খননের মাটি ব্যবহার, ফিক্সড ও ড্রাম চিমনিযুক্ত অবৈধ ভাটা বন্ধ এবং পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ইটভাটা মালিকদের কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ব্যবহার করা এবং জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা এবং কৃষিজমি রক্ষায় বিদ্যমান আইন ও সরকারি নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
উক্ত মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বন বিভাগ, এলজিইডি, গণপূর্ত ও জেলা আনসারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণও এতে অংশ নেন।