উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মানুষের আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ ও মুক্তির আকাঙ্ক্ষার অন্যতম প্রধান অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (৩১ আগস্ট) নগর ভবন অডিটরিয়ামে 'নজরুল বর্ষ' উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে নজরুলের গান, কবিতা ও জীবনাদর্শ বাঙালিকে সাহস জুগিয়েছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের মানবতাবাদ, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। মানুষের মনের ক্ষুধা মেটাতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ঢাকাকে সুন্দর ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে। আনন্দ ও সংস্কৃতির পাশাপাশি জনগণের সেবাও নিশ্চিত করতে হবে। নাগরিক সেবা ঠিকমতো না চললে নগরবাসী সন্তুষ্ট হবে না।
উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নৃত্যে অংশ নিতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।