উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুরের জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিচ্ছে। সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় বিদ্বেষ রোধে রাষ্ট্রকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ধর্মের নামে বিভাজন তৈরি ও সংখ্যালঘুদের ওপর হামলা কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়। অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান জানান বক্তারা।