উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ তার প্রতিনিধি দলসহ রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। সোমবার ৩১ আগস্ট বিকেলে জাদুঘরে পৌঁছালে তাকে স্বাগত জানান মহাপরিচালক।
পরিদর্শনকালে প্রতিনিধি দল জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও ছাত্র-জনতার অংশগ্রহণের বিস্তারিত ইতিহাস তারা গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন।
জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আইপিইউ মহাসচিবকে এই প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিদর্শন শেষে অ্যান্ডা ফিলিপ জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার, ডা. সানসিলা জেবরিন ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইপিইউ মহাসচিব বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করেন।