উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সোমবার সচিবালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
উপদেষ্টা বলেন, চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের মতো বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার কথা বলা হয়েছে। কোনো প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে ব্যয় বৃদ্ধি না করেই যথাযথ প্রক্রিয়ায় তা করতে হবে।
সভার শুরুতে উপদেষ্টা ‘সংগঠন ও ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৬’, ‘ওঅ্যান্ডএম ম্যানুয়্যাল’ এবং ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৫’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসকরা অংশ নেন।