উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে অসংক্রামক রোগের প্রকোপ কমাতে তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগজনিত, যার অন্যতম প্রধান কারণ তামাকের ব্যবহার।
মন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও শক্তিশালী করে ২০২৬ সালে তা পাস করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি নীতিমালা অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
সেমিনারে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করেন এবং প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ২ লাখ মানুষ অকালে প্রাণ হারান। তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা জাতীয় অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ।
বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন-২০২৬-এ ই-সিগারেট অন্তর্ভুক্ত না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা নতুন প্রজন্মের সুরক্ষায় ই-সিগারেটসহ সব ধরনের নিকোটিনজাত পণ্যের উৎপাদন, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ করার পাশাপাশি দ্রুত বিধিমালা প্রণয়নের জোর দাবি জানান।