উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে। হালনাগাদ প্রক্রিয়ায় এবার নতুন ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া দেশে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ২৬৭ জন। প্রকাশিত এই চূড়ান্ত ভোটার তালিকা নিয়েই নির্বাচন কমিশন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যাবে।
গত ১৪ মে প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর স্থানীয় নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে নির্বাচন কমিশন আজকের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
ইসির বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, যাঁরা গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাঁরাই কেবল আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে এই স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।