উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে আইপিইউ’র পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। সোমবার ৩১ আগস্ট জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও তরুণ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য রাখেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীসহ অন্যান্যরা ফ্যাসিস্ট আমলের নির্যাতনের বিষয়গুলো সভায় তুলে ধরেন।
আইপিইউ’র সেক্রেটারি জেনারেল বলেন, গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নেতিবাচক সামাজিক রীতি ও অনলাইন বিদ্বেষসহ নারীদের সমস্যা মোকাবিলায় কার্যকর উপায় তৈরির কথা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, পূর্ববর্তী শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে প্রতিনিধিদলকে সংশ্লিষ্ট স্থান পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। তারা জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং নির্যাতিত ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন।