উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ভূজপুরে ভক্ত সেজে মন্দিরে ঢুকে পিতলের ত্রিশূল ও দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ ওরফে নয়ন দেবনাথ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তাকে একটি খণ্ডিত ত্রিশূলসহ গ্রেপ্তার করা হয়। সোমবার (৩১ আগস্ট) সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
নয়ন কক্সবাজারের কুতুবদিয়া থানার উত্তর কৈয়ারবীল এলাকার সুনীল চন্দ্র নাথের ছেলে এবং বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় বসবাস করেন। রোববার দুপুরে চট্টগ্রামের ভূজপুর থানাধীন গহিন পাহাড়ি এলাকার শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে একটি পিতলের ত্রিশূল এবং দানবাক্স ভেঙে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা চুরি করা হয়।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মামলার বাদী শিমুল কুমার নাথ জানান, ত্রিশূলটি পিতলের তৈরি এবং এর বাজারমূল্য আনুমানিক ৪০ থেকে ৪৫ হাজার টাকা। রোববার দুপুরে ব্রাহ্মণ পূজা দিয়ে বের হওয়ার পর দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে চুরির ঘটনা ঘটে এবং পরে তারা ভূজপুর থানায় অভিযোগ দেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলাটি করেছেন এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে।