উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী তিন দিন দেশের চার বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাসের মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনও এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে এবং আগামী তিন দিনেও তা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিন তা আরও বাড়তে পারে। এরপরের দুই দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গঙ্গা-পদ্মা নদীর পানিও বেড়েছে এবং আগামী পাঁচ দিন তা স্থিতিশীল থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে এবং আগামী এক দিনও তা কমতে পারে। তবে পরবর্তী দুই দিনে এসব নদীর পানি আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনা থাকলেও বর্তমানে দেশের প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।