উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের ‘তাসফিলুল কোরআন’ নামক হেফজ মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। তবে শিশুটি কীভাবে নিচে পড়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর বাবার নাম রফিকুল ইসলাম এবং তাদের বাসা কদমতলী মোহাম্মদবাগ এলাকায়।
মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল এবং গত বুধবার ছুটি শেষে বাড়িতে গিয়েছিল। সে মাদ্রাসায় ফিরতে না চাওয়ায় তার নানি গত রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যান। এর কিছুক্ষণ পর সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায় এবং নিচে পড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনা সম্পর্কে কদমতলী থানাকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।