উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী বছরের জানুয়ারিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল। দুই দেশের মধ্যকার এই সিরিজ আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজটি আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ২০২৫ সালের আগস্টে এই সফর হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, এই সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিসিসিআই এখনো এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এদিকে এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি মাসের শুরুতে ভারত সফরকালে তামিম বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সও পরিদর্শন করেছেন বলে জানা গেছে।