উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে রোববার (৩০ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনে বিসিএস প্রশাসন ২৫তম ব্যাচের ২০তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাচের কর্মকর্তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, সরকারি কর্মকর্তারা রাজনীতিবিদদের চেয়েও অনেক সময় জনগণের জন্য বেশি কাজ করার সুযোগ পান। তিনি রাজনীতির কঠিন বাস্তবতার কথা তুলে ধরে সঠিক পথে চলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার অভিযোগ করেন, গত ১৮ বছর ধরে পরিকল্পিতভাবে আমলাতন্ত্রে বিভাজন সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, কর্মকর্তাদের বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে নির্যাতন করা হয়েছে, তবে বর্তমান প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন।
ব্যাচের সভাপতি মো. সগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ২৫তম ব্যাচ দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছে। বর্তমানে ১০৫ জন কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত রয়েছেন, যাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।