উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও জনগণের লড়াই সত্ত্বেও কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অল্টারনেটিভসের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে এখনও মোটাদাগে ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল রয়েছে এবং কেবল সরকারের পরিবর্তন ঘটেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পড়ে শুনিয়ে মাহফুজ আলম রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানিসংকটের সমাধানসহ মোট ৯ দফা দাবি পেশ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা এখন নতুন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে এবং এই পরিস্থিতিতে সবাইকে প্রতিরোধ ও প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
অল্টারনেটিভসের দাবির মধ্যে রয়েছে সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক বৈষম্য নিরসন, জুলাই গণহত্যার বিচার এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম ও বিচারবহির্ভূত হত্যার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানিসংকট দূর করা, কুইক রেন্টালসহ অসম চুক্তির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানোর দাবি জানানো হয়।
এছাড়া স্বাস্থ্যসেবা ও রোগী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন, নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং বন্ধ কলকারখানা চালুর দাবিও উত্থাপন করা হয়েছে। শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে স্বাধীন শিক্ষা কমিশন গঠন এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্প বাতিল করে জলবায়ু সহনশীল প্রকল্প বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়।