উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা এবং পুনর্বাসনের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ রোববার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
আগামী বুধবার রাত নয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর মেডিক্যাল বোর্ডের পরামর্শেই তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।