উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ফুটবলের সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তাদের উৎকোচ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন ফুল প্লে নামের এক ক্রীড়া বিপণন প্রতিষ্ঠানের যৌথ মালিক হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস। আমেরিকার প্রসিকিউটরদের সঙ্গে এক আইনি সমঝোতার মাধ্যমে তাঁরা এই বিষয়ের সত্যতা মেনে নিয়েছেন।
আমেরিকান আদালতের নথিতে জানা গেছে, বিশ্বকাপ বাছাইপর্ব এবং কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টের সম্প্রচার অধিকার নিজেদের দখলে রাখতে তাঁরা একটি পরিকল্পিত ঘুষের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই উদ্দেশ্যে ফিফা, কনকাকাফ ও কনমেবলের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়মিত মোটা অঙ্কের আর্থিক সুবিধা দেওয়া হতো। ২০১৫ সালে ফিফাকে কেন্দ্র করে শুরু হওয়া আলোড়ন সৃষ্টিকারী দুর্নীতি তদন্তের ধারাবাহিকতায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
চলমান আইনি প্রক্রিয়ায় আদালতের বাইরে বিষয়টির নিষ্পত্তি করতে রাজি হয়েছেন জিনকিস বাবা-ছেলে। এই সমঝোতার ফলে তাঁদের ওপর থেকে প্রতারণার মূল অভিযোগটি প্রত্যাহার করে নেবে মার্কিন বিচার বিভাগ, তবে ক্ষতিপূরণ ও জরিমানা হিসেবে তাঁদের দিতে হবে ৫ কোটি ডলার। এক দশক আগে উন্মোচিত হওয়া ফিফার ইতিহাসের অন্যতম বড় এই কেলেঙ্কারি ফুটবলের সর্বোচ্চ সংস্থায় ব্যাপক সংস্কারের পথ তৈরি করেছিল এবং বহু বছর পর দুই আর্জেন্টাইন ব্যবসায়ীর এই জবানবন্দি পুরোনো সেই ঘটনায় নতুন মাত্রা যোগ করল।