উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। গত শনিবার (২৯ আগস্ট) বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার জানান যে মারস্ক লাইন বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহী। ডেনমার্কের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিশ্বজুড়ে জাহাজ পরিচালনা এবং শিপিং ও লজিস্টিকস ব্যবসা পরিচালনা করে আসছে।
আলোচনাকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাহাজ নির্মাণের পাশাপাশি বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও মারস্ককে তাদের বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান। বৈঠকে এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেনসহ উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: ফিরোজ উদ্দিন ও মাহবুবা খাতুন মিনু এবং শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খায়রুজ্জামান অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিবেক শর্মা, খালিদ মুস্তাফিজ গাফফার এবং সামিনা আহসান শাহরুখ।বাসস